Monday, September 28, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য চার মাস ধরে জলমগ্ন রাস্তা, চরম দুর্ভোগে দুরাই শিববাড়ির বাসিন্দারা

চার মাস ধরে জলমগ্ন রাস্তা, চরম দুর্ভোগে দুরাই শিববাড়ির বাসিন্দারা

চার মাস ধরে জলমগ্ন রাস্তা, চরম দুর্ভোগে দুরাই শিববাড়ির বাসিন্দারা

দীর্ঘ প্রায় চার মাস ধরে জলমগ্ন রাস্তা। বৃষ্টির জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় রাস্তা থেকে শুরু করে পুকুর ও বাড়ির উঠোন—সর্বত্র জমছে জল। এর জেরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কমলপুর মহকুমার দুরাই শিববাড়ি পঞ্চায়েত এলাকার উত্তর পাড়ার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় স্বাভাবিকভাবে জল বেরিয়ে যাওয়ার পথ ছিল। কিন্তু এক বাসিন্দার মাটি ভরাটের কারণে সেই জল চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এরপর থেকেই বৃষ্টির জল জমে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে।

বাসিন্দাদের দাবি, প্রায় চার মাস আগে বিষয়টি লিখিতভাবে গ্রাম পঞ্চায়েত, দুর্গাচৌবনী ব্লক প্রশাসন এবং মহকুমা শাসকের দপ্তরে জানানো হয়। অভিযোগ পাওয়ার পর পঞ্চায়েত প্রধান, ব্লক আধিকারিক এবং ডিসিএম ঘটনাস্থল পরিদর্শনও করেন। কিন্তু পরিদর্শনের পরও জল নিষ্কাশনের জন্য কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

জলমগ্ন রাস্তার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রবীণ নাগরিক, স্কুল-কলেজের পড়ুয়া এবং অসুস্থ রোগীরা। স্বাভাবিক রাস্তা দিয়ে চলাচল করা কার্যত অসম্ভব হয়ে পড়ায় অনেকেই বাধ্য হয়ে অন্যের জমির উপর দিয়ে ঘুরে যাতায়াত করছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানিয়েও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে। তাঁদের দাবি, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করে দীর্ঘস্থায়ীভাবে সমস্যার সমাধান করতে হবে এবং রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তুলতে হবে।

এলাকাবাসীর প্রশ্ন, প্রশাসনের একাধিক দপ্তর বিষয়টি জানার পরও কেন এখনও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না? দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha